দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের কলসিরমুখ সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের অনুপ্রবেশ ঠেকাতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২২ মে) ভোররাতে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ কলসিরমুখ বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে কলসিরমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এসময় ভারত থেকে একটি চোরাকারবারী দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
চোরাকারবারীরা টহল দলের কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। তবে তারা সতর্কবার্তা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে চোরাকারবারীরা দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কলসিরমুখ বিওপি এলাকায় নিয়মিত টহল চলাকালীন সীমান্ত সংলগ্ন একটি ব্রিজের নিচ দিয়ে দু’জন চোরাকারবারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। কর্তব্যরত টহল দল প্রথমে তাদের জোর গলায় চিৎকার করে সতর্ক করে। কিন্তু তারা সেই সতর্কবার্তা না শুনে এগিয়ে আসার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এরপরই ওই দুই চোরাকারবারী দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।’
তিনি আরও জানান, বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
/অ